মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, যেভাবে ধরা পড়লেন আয়েশা
সংবাদ জমিন রিপোর্ট:
যেভাবে ধরা পড়লেন আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়েকে হত্যার ঘটনায় জড়িত আয়েশা চুরির উদ্দেশ্যেই ওই বাসায় কাজ নিয়েছেলেন। তার বিরুদ্ধে আগেও অন্য বাসায় চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম।
এর আগে, গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ। ঝালকাঠির নলছিটি এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ সময় আয়েশার স্বামীকেও আটক করেছে পুলিশ।