যশোরে আয়নাল বাহিনীর হাতে একই পরিবারের ৬ জন খুন!

যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার কন্যাদাহে মায়ের সামনেই হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম মুকুলকে। এ ঘটনায় তার মা ছায়রা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের পরিবারের দাবি কেবল মুকুল নয় আয়নাল বাহিনীর সদস্যদের হাতে সাইফুলের পিতাও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আইনাল বাহিনীর ক্যাডাররা তাকেও হত্যা করেছিল ২৭ বছর আগে। এ ছাড়া এই বাহিনীর হাতে বিগত দিনে এই পরিবারের ৬ জন খুন হয়েছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও তারা ন্যায়বিচার পাননি। বরং ঘরছাড়া হয়েছেন পরিবারের পুরুষরা। নিহতের স্বজনরা মুকুলসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

জানা যায়, কন্যাদাহ গ্রামের আজিজ গাইনের ছেলে সাইফুল ইসলাম মুকুলের জ্ঞাতি ভাই নয়ন হোসেন (১৯) ইউপি সদস্য হাসানুজ্জামান পরিবারের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে সালিশও বসান।নয়ন সালিশে হাজির না হয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গত বুধবার হাসানুজ্জামান তার সহযোগীদের নিয়ে মুকুলের ভাই শরিফুল ইসলাম বকুলকে বাড়ি থেকে ধরে আনে। এরপর মুকুল ও তার মা তাকে উদ্ধার করতে যান। এ সময় মায়ের সামনেই দুই ভাইকে হাতুড়ি, বাঁশ ও রড দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুলের মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবি হাসান মেম্বার আয়নাল বাহিনীর সদস্য।

এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ জানায়,মূল হোতাদের গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিরোনাম