যশোরে সন্ত্রাসীদের হাতে সন্ত্রাসী খুন!

যশোর প্রতিনিধিঃ
যশোরে জুম্মান (৩৮) নামে এক সন্ত্রাসী খুন হয়েছে। নিহত জুম্মান শহরের শংকরপুর রেলগেট মোড়ের পকেটমার মুরাদ হোসেনের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জুম্মান খুন হয়। নিহত জুম্মানের নামে কোতোয়ালি থানায় প্রায় ডজন মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় জুম্মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ভাইপো রাকিব, প্রিন্স, ট্যাটু সুমন, আসিফ ভোলাসহ কয়েকজন। এরপর তাকে তাড়া করে নিয়ে যায়। জুম্মান দৌড়ে রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর অফিসের সামনে পৌঁছুলে পেছন থেকে পিঠে ছুরিকাঘাত করে। জুম্মান পড়ে গেলে পাসহ শরীরের বিভিন্ন স্থানে আরও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল আলিম জানান, জুম্মানের নামে কোতোয়ালি থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে খুনিদের আটকে পুলিশ রাত থেকেই অভিযান শুরু করেছে।

শিরোনাম