যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়ন,বাংলাদেশি ইমামের সাজা
বিশেষ প্রতিনিধি:
যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়ন,বাংলাদেশি ইমামের সাজা। যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে শাহ মাসুকুর রশিদ নামে এক বাংলাদেশি ইমামের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ৪৫ বছর বয়সী শাহ মাসুকুর রশিদ গ্লুচেস্টারশায়ারের চেলটেনহাম এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি শিশুদের কোরআন শিক্ষাও দিতেন।
ওই এলাকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কথা বলে জানা গেছে, শাহ মাসুকুর রশিদ সেখানে সক্রিয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত মুখ। গত ৪ জুন গ্লুচেস্টার ক্রাউন কোর্ট তাকে এক শিশুকন্যার ওপর দুটি এবং আরেক শিশুকন্যার ওপর চারটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেন। অপরাধগুলো সংঘটিত হয়েছিল ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে, যখন তার বয়স ছিল ৩৭ বছর।