যুক্তরাষ্ট্রে একদিনে ১৪০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হলো
আন্তর্জাতিক ডেস্কঃ
একদিনে ১৪০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হলো। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে শনিবার (৮ নভেম্বর) এক হাজার ৪০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে, অচলাবস্থার কারণে বিমান সংস্থাগুলোকে চলাচল কমানোর নির্দেশ দিয়েছিল ফেডারেল সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এছাড়া, ফ্লাইট ট্র্যাকার সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, একইদিন প্রায় ছয় হাজার ফ্লাইট ছাড়তে বা পৌঁছাতে বিলম্ব করেছে। আগেরদিন ওই সংখ্যাটি ছিল সাত হাজারের বেশি।
সপ্তাহের শুরুতে মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ) জানায়, দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। কারণ, শাটডাউনের কারণে বেতন ছাড়া কাজ করতে করতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তির অভিযোগ জানিয়েছেন।