যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইরানের সাথে যুদ্ধে কি পিছু হটলেন ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইরানের সাথে যুদ্ধে কি পিছু হটলেন ট্রাম্প?। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত যেন এক উচ্চ ঝুঁকিপূর্ণ স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে। গত কয়েক দিন ধরে আলোচনার টেবিলে বসার আগে দুপক্ষই একে অপরকে হুমকি ও তিরস্কারে ভাসিয়ে দিয়েছে। ইরানের দৃষ্টিভঙ্গি অনুসারে, শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম পিছু হটেছেন।
মঙ্গলবার গভীর রাতে ট্রাম্প যখন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন, তখনও ইরান বা যুক্তরাষ্ট্র কোনও দেশের মধ্যস্থতাকারীরাই দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছাননি। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার দাবিগুলোর ওপর ইরানের নেতৃত্বের প্রতিক্রিয়া জানানোর সময় দিতেই এই যুদ্ধবিরতি। এটি এমন এক সময় পর্যন্ত স্থায়ী হবে, যতক্ষণ না আলোচনা কোনও একটি সিদ্ধান্তে পৌঁছায়।