যৌন হয়রানির শিকার শিক্ষক বরখাস্ত, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
নিজস্ব প্রতিনিধিঃ
যৌন হয়রানির অভিযোগ করায় সাময়িক বরখাস্ত করা হয় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক তাওহিদা কবিরকে। গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়াই মুগদা শাখার একক সিদ্ধান্তে গত ৯ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস।
তবে শেষ রক্ষা হয়নি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌসের। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন মুগদা শাখার ইংরেজি শিক্ষক তাওহিদা কবির। মামলায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে এক নম্বর এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌসকে দুই নম্বর আসামি করা হয়।
অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে তেলচুরি মামলাসহ আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস গত ৩ আগস্ট চাকরি বাঁচাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।