রাজধানীর একাধিক সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ পালন

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার পর থেকে তারা এসব সড়ক অবরোধ করে। এতে তীব্র যানজট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন মানুষ। এর আগে সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মামুন আহমেদের দপ্তরে গিয়ে হট্টগোল করে। তারা তাদের পাঁচ দফা দাবি আদায়ে কেন বিলম্ব হচ্ছে সেটি জানতে চান।

পুলিশ জানিয়েছে, ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে রেখেছে। একই কলেজের আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। এছাড়া বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ‘ফোকাল পার্সন’ ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কিছু দাবি জানাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মামুন আহমেদের কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের অপমান করেছেন। এর প্রতিবাদে আমরা সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড অবরোধ করেছি।

শিরোনাম