রাজশাহী প্রতিনিধি:
গুটি জাতের আম নামানো শুরু হলো। রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। গুটি দিয়ে শুরু হলো, পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম পাড়া হবে। শুক্রবার (১৫ মে) থেকে রাজশাহীর বাজারে গুটি আম পাওয়া যাবে। এদিন সকালে রাজশাহী নগরী ও আশপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে।
সকালে পবা উপজেলার কুকন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনও বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে।
আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। এখন অল্প আম পাড়া হচ্ছে। আগামীকাল (শনিবার) বানেশ্বর হাট। হাটে আম নিয়ে যাবো বিক্রির জন্য।’ তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই বলে জানান তিনি।