রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা নুরুল হক (৪৫) ঘটনার ১৩ দিন পর মারা গেছেন। গতকাল ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৬ই মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নুরুল একই এলাকার লতিফ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ই মার্চ বিকালে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তার আপন চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ১৬ই মার্চ ভোরে সেহরি খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহত নুরুলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে পাশের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল হক। মৃত্যুর আগে তিনিই নিশ্চিত করে গেছেন হামলাকারীদের পরিচয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে।