রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যৃবদল নেতার হাতাহাতি
বিশেষ প্রতিনিধি:
রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যৃবদল নেতার হাতাহাতি। কুড়িগ্রামের রৌমারীতে ‘অনৈতিক লেনদেন’ নিয়ে বাকবিতন্ডার জেরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনও পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এবং রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং ইউনিয়ন যুবদলের সাবেক নেতা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের সঙ্গে ডিলারের বরাদ্দ ও অনৈতিক লেনদেন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।