লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ গেলো বাংলাদেশের ফরিদপুরের দিপালীর
ফরিদপুর প্রতিনিধি:
লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় দীপালি আক্তার নামে ফরিদপুরের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মারা যান। দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।
জানা গেছে, এদিন দীপালি যে বাড়িতে থাকতেন সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে তার কফিলের (চাকরিদাতা) পরিবারেরও ছয় সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে দূতাবাসে যোগাযোগ করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিট্যান্সযোদ্ধা দীপালির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’