নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে বালু উত্তোলন নিয়ে হত্যাকান্ডের পর আবারো দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বন্দ্বে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার দুর্গম আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে এই এলাকায় কুপিয়ে ও গুলি করে একজনকে হত্যা করা হয়।
জানা গেছে, এবার উপজেলার তেওতা এলাকায় বালুমহাল ইজারা পেয়েছে মেসার্স ইকরাম কনস্ট্রাকশন। আজ সকাল ছয়টার দিকে যমুনা নদীর দুর্গম চর আলোকদিয়া এলাকায় ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০–১২ জন ব্যক্তি আসেন। এরপর সেখানে তাঁরা তিনটি খননযন্ত্রে থাকা ইজারাদার প্রতিষ্ঠানের লোকজনকে ভয়ভীতি দেখাতে ফাঁকা গুলিবর্ষণ করে ট্রলার নিয়ে চলে যান। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।