শিবালয়ে ভিক্ষুককে ধর্ষণ, আটক-৩

মানিকগঞ্জ প্রতিনিধি:
ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে আটক-৩। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ষাটোর্ধ্ব ভিক্ষুক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে চেইনটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে স্থানীয় একটি বাজারে ভিক্ষা করার সময় দুই ব্যক্তি ওই নারীকে তাদের বাড়িতে কিছু দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায়। পরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী স্বজনদের বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকেলে দুই অভিযুক্তকে আটক করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে চুরি হওয়া চেইন বিক্রির তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় চেইনটি। শিবালয় থানার ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

শিরোনাম