সংবাদ জমিন রিপোর্টঃ
শীর্ষ সন্ত্রাসী জোসেফের টার্গেট কিলিংয়ের শিকার মামুন। আদালতে হাজিরা শেষে ফেরার পথে রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা দুই ব্যক্তি পিস্তল বের করে মামুনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে চলে যায়। আহত অবস্থায় মামুনকে দ্রুত ন্যাশনাল মেডিক্যালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা। আলোচনায় এসেছে ‘ইমন-মামুন বাহিনী’ বনাম ‘জোসেফ গ্রুপের’ সংঘর্ষ ও টার্গেট কিলিং।