শেখ হাসিনার রায় ঘোষণা, গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
শেখ হাসিনার রায় ঘোষণা, গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। একই সময়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রায়ের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, রায় ঘোষণা করার পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকাল ৪টার দিকে শেখ রাসেল শিশু পার্কের সামনে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন বিক্ষোভ মিছিল বের করেন। তারা মোবাইলে সেই বিক্ষোভের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে সরে যান।

এ ছাড়া ঢাকা-খুলনা সড়কের‌ গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় পেট্রোল, পাটখড়ি ও টায়ার জ্বালিয়ে কয়েক দফা সড়ক অবরোধের চেষ্টা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‌‘দু-একটি ঘটনা ছাড়া গোপালগঞ্জে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে।’

শিরোনাম