শেরপুর ও সাতক্ষীরা কারাগারে ছাত্র-জনতার হামলা, পালিয়ে গেল সব বন্দি
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর ও সাতক্ষী জেলা কারাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছেন। এ সময় দুই কারাগারে থাকা ১১ শতাধিক বন্দি পালিয়েছেন। এরমধ্যে শেরপুর কারাগারে ছিলেন ৫১৮ জন বন্দি, সাতক্ষীরা কারাগারে ছিলেন ৫৮০ জন বন্দি। এ সময় কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
শেরপুর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম ও কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবীর খান কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বন্দী পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন ও কারা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পৌরসভার দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা কারাগারের সড়কসংলগ্ন ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তাঁরা প্রধান ফটক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন। এ সময় আতঙ্কে কারাগারের নিরাপত্তারক্ষীরা সরে যান। পরে কারাগার থেকে কয়েক শ বন্দি পালিয়ে যান। কারাগারে ভাঙচুরের সময় অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।