শ্রীপুরে পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে টহলরত দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে র্যাব-১র ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে র্যাব-১ এর মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের প্রধান ইসমাইল সরদার লিটন (৩৮), সহযোগী হানিফ মাস্টার (৪০) এবং কামরুল মিয়া (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, রুবেলের দেয়া তথ্য অনুযায়ী র্যাব কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রধান ইসমাইল ও সহযোগী হানিফকে গ্রেপ্তার করে। তারা স্বীকার করে ৬-৭ জন রোববার দুপুরে কেরানীগঞ্জ থেকে শ্রীপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসে। তারা মাওনা-কালিয়াকৈর সড়কে ডাকাতির উদ্দেশ্যে সন্ধ্যা থেকে সুবিধাজনক স্থান চিহ্নিত করতে থাকে। একইদিন মধ্যরাতে সিংগারদীঘির (হাসিখালী ব্রিজ) এলাকায় ওই সড়কের গাছ ফেলে পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গণডাকাতি করতে থাকে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপর হামলা করে।
শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান, গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত গ্রেপ্তারকৃত ৩ ডাকাতকে থানায় সোপর্দ করেনি র্যাব। থানায় সোপর্দের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।