সংঘর্ষের পর আগুনে পুড়ে গেলো অটোরিকশা ও পুলিশের গাড়ি

চাঁদপুর প্রতিনিধি:
সংঘর্ষের পর আগুনে পুড়ে গেলো অটোরিকশা ও পুলিশের গাড়ি। চাঁদপুরে পুলিশের একটি গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে উভয় যানবাহন পুড়ে গেছে। এ ঘটনায় গাড়ি থেকে লাফিয়ে পড়ে তিন জন আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, মালামাল নিয়ে পুলিশ লাইনস থেকে একটি পুলিশের গাড়ি কচুয়ার সাচার এলাকায় যাওয়ার পথে চাঁদপুরগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুলিশের গাড়ি ও অটোরিকশা পুড়ে যায়। দুর্ঘটনার সময় দুই গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম