স্টাফ রিপোর্টারঃ
সবজির দাম কমছে না, বাড়লো মাছের দাম। বাজারে অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার ওপরে। কোনোটি আবার ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচা বাজার, রায়সাহেব বাজার ও ধূপখোলা বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার ওপরে। তবে সর্বোচ্চ দাম বেগুনের। এক মাসের বেশি সময় ধরে গোল বেগুনের কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। একই রকম চড়া দাম কাঁচা মরিচের। গত দুই মাস ধরে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পণ্যটি।
বাজারে এখন প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০, ঝিঙা ৮০, কচুরমুখী ৮০, টমেটো ১২০ টাকা, কাঁকরোল ৭০, শসা ৮০ টাকা, পেঁপে ৩০, করলা, লম্বা বেগুন, বরবটি কিনতে খরচ করতে হচ্ছে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া পটোল ৬০, চিচিঙ্গা ৬০, পেঁয়াজ ৭৫ টাকা কেজি। তবে কলার হালি ৪০, ছোট লাউ ৫০, বড় লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২৫ থেকে ৩০ টাকা দরে কেনা যাচ্ছে। আর চায়না গাজরের দাম ২০ টাকা কমে এখন ১০০ টাকা।