সবজির বাজার লাগামহীন,অস্বস্তিতে ক্রেতাসাধারণ

সংবাদ জমিন রিপোর্টঃ
সবজির বাজার লাগামহীন,অস্বস্তিতে ক্রেতাসাধারণ। প্রায় দুইমাস ধরে ঊর্ধমুখী রয়েছে কাঁচাবাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকার ওপরে। বৃষ্টির অজুহাতে দাম বাড়ানো হলেও এখনও তা কমছে না। সপ্তাহখানেক আগে বিক্রেতারা বলেছিলেন,বৃষ্টি কমলে সবজির দাম কমবে। কিন্তু বাজার এখনও লাগামহীন। শুধু সবজিই না একইসঙ্গে ঊর্ধমুখী রয়েছে মাছ, মাংস ও রসুনের দামও। এখন অবশ্য বিক্রেতারা বলছেন— ঋতু পরিবর্তন ও পণ্যের ঘাটতির কারণে দাম বাড়তি রয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার সরেজমিনে ঘুরে সবজি, মাছসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম লক্ষ্য করা গেছে।

গত সপ্তাহের তুলনায় বাজারে কয়েকটি সবজির দাম কমলেও এখনও তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। ক্রেতারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। আজকের বাজারে প্রতি কেজি ভারতীয় টমেটো ১২০ টাকা, দেশি টমেটো ১৪০-১৬০ টাকা, কাঁচা টমেটো ১৪০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর ১৪০ -১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ১২০ টাকা, কালো গোল বেগুন ২০০ টাকা, শিম ১২০ টাকা, দেশি শসা ৮০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করল্লা ৮০ টাকা, কাকরোল ১২০ টাকা, ঢেঁড়স ৬০- ১২০ টাকা, পটল (হাইব্রিড) ৮০ টাকা, দেশি পটল ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০-১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০-১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৬০ টাকা, কচুরমুখী ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা (মানভেদে) ৩০০ টাকা, শসা (হাইব্রিড) ৬০ টাকা, পেপে ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০-১০০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। আর প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা। এছাড়া, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ টাকা করে।

এক্ষেত্রে দেখা যায়, প্রতি কেজিতে ভারতীয় টমেটো, সাদা গোল বেগুন, দেশি শসা, করল্লা, দেশি পটল, চিচিঙ্গা, ঝিঙা, মূলার দাম কমেছে ২০ টাকা করে। হাইব্রিড শসা ও মিষ্টি কুমড়ার দাম কমেছে ১০ টাকা করে। আর শিমের দাম কমেছে ১৪০ টাকা এবং কাঁচা মরিচের দাম কমেছে ৪০ টাকা।

এছাড়া প্রতি কেজিতে চায়না গাজরের দাম বেড়েছে ১০-২০ টাকা, কালো গোল বেগুনের দাম বেড়েছে ২০ টাকা, কাকরোলের দাম বেড়েছে ২০ টাকা, প্রতি পিসে চাল কুমড়ার দাম বেড়েছে ১০ টাকা করে। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত।

শিরোনাম