সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে যৌথ বাহিনী
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধকতার মুখে পড়েছে যৌথ বাহিনী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে যৌথ বাহিনী। কোথাও রাস্তার ওপর রাখা হয়েছে বড় ট্রাক। কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট। নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। এতে নানা স্থানে বাধার মুখে পড়ে যৌথ বাহিনী।
সোমবার (৯ মার্চ) ভোর থেকে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সমন্বয়ে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের একটি অংশ। তাই গতকাল রাতেই প্রতিবন্ধকতা তৈরি করেছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কালভার্ট ভেঙে ফেলা হয়। রাস্তার ওপর ট্রাক রেখে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একটি নালার স্ল্যাবও তুলে ফেলা হয়।
অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. রাসেল বলেন, ‘জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান চলছে। যৌথ বাহিনীর চার হাজার সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘সকালে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালাতে না পারে।’