স্টাফ রিপোর্টারঃ
সাপের দংশনে সাপুড়ের মৃত্যু!কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের দংশনে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি একই উপজেলার বল্লভের খাস ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, সকালে কাপালি পাড়ার বাসিন্দা ইমরান আলীর বাড়ির রান্না ঘরে গর্তে থাকা একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে ওই সাপুড়েকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে কিছুক্ষণ সাপটির লেজ ধরে ঝুলিয়ে রাখে। পরে সাপটিকে বস্তায় ভরার সময় বাম হাতে কামড় দেয়। কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।