সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় নার্সিং কলেজের ভেতরে চোর সন্দেহে হান্নান শেখ (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মুসলিম (৫৫) ও একই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে মো. সাইফুল শেখ (২৮)। তারা দু’জনই ওই হাসপাতালের কর্মচারী বলে জানা যায়।
অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার হান্নান শেখ (৩০) পাবনা জেলার সদর থানার ভাড়ারা মধ্যজামুয়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে। সে অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আশুলিয়া থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।