সাভার প্রতিনিধিঃ
সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় . দেলোয়ার হোসেন (৬১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর দারুসসালাম থানার মিরপুর-১ খালেক পাম্প সংলগ্ন দারুসসালাম টাওয়ারে বসবাস করছিলেন।
জানা গেছে,আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা মূল্যের এই মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সাভারে এনে রাখা হয়েছিল। ১০ অক্টোবর শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মূর্তিটি বিভিন্ন ব্যক্তির হাতবদলের মাধ্যমে দেশের বাইরে পাচারের চেষ্টা চলছিল। সর্বশেষ এটি আমিনবাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে।
এর আগে ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একেএইচ টাওয়ারের বিপরীতে ফুটওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।