সাভারের হেমায়েতপুরে সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা

সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের হেমায়েতপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আলমনগরে সেটেলমেন্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, পেশকার মো. শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল আহমেদ।

সাংবাদিকরা জানান, প্রায় দেড় বছর আগেও দুর্নীতির অভিযোগে সেটেলমেন্ট কার্যালয়টি বন্ধ করা হয়েছিল। সম্প্রতি সেটি আবারও চালু করা হয়। সেখানেও সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছিলেন। তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে খবর সংগ্রহ করছিলেন দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমন, তার ক্যামেরা পারসন জাহিদুল ইসলাম খানসহ আরও কয়েকজন সাংবাদিক। একপর্যায়ে তারা পেশকার শফিকের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষুব্ধ হন এবং সাংবাদিকের ওপর হামলার চেষ্টা করেন। পরে ওই কার্যালয়ের আরও কয়েকজন হামলা করতে উদ্যত হন। একপর্যায়ে সাংবাদিকের ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহ দেখে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।

শিরোনাম