সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর পুড়ানো হলো তার মুখমণ্ডল
সাভার প্রতিনিধি:
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর পুড়ানো হলো তার মুখমণ্ডল। সাভারে কালাম মিনা (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই দোকানির লাশে আগুনে দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরের দিকে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কালাম মিনা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, কালাম মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকানে ছিলেন। শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেননি। সকালে দোকানের পাশের একটি মাঠে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে।