সাভারে ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাটের ৬ খুন,অবশেষে পুলিশের হাতে গ্রেফতার
সাভার প্রতিনিধি:
ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলারের ৬ খুন,অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। ঢাকার সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে জোড়া লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান খান সম্রাট (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গতকাল কমিউনিটি সেন্টার থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় তদন্তে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ, এক ব্যক্তির চলাফেরা, সময় ও অবস্থান মিলিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জোড়া হত্যায় জড়িতসহ মোট ছয়টি হত্যায় জড়িতের বিষয় স্বীকার করেন। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।
তিনি জানান, গত পাঁচ মাসে সাভার এলাকায় ধারাবাহিকভাবে ছয়টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি লাশ উদ্ধার করা হয় সাভার মডেল মসজিদের সামনে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গেই নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতার মশিউর রহমান খান সম্রাট সাভারের ব্যাংক কলোনি এলাকার মৃত সালামের ছেলে। পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযুক্তকে অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের আশা করা হচ্ছে।