সাভারে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হলো
সাভার প্রতিনিধিঃ
সাভারে বকেয়া বেতন, ওভারটাইম ও ছুটির টাকা পরিশোধের দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বসুন্ধরা গার্মেন্টস নামক তৈরি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক। বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে পাওনা টাকা পরিশোধের দাবিতে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর এলাকায় অবস্থিত বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ এখনো গত মাসের বেতন পরিশোধ না করায় সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতি পালন করেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেন। এতে সড়কটির উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্ট যানজটের কারণে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী ও পথচারী।