সাভারে ৪ কারখানার শ্রমিকদের বিক্ষোভে টিয়ারশেল-জলকামান নিক্ষেপ
সাভার প্রতিনিধি:
৪ কারখানার শ্রমিকদের বিক্ষোভে টিয়ারশেল-জলকামান নিক্ষেপ। বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একই মালিকানাধীন চারটি কারখানার শ্রমিকরা। সোমবার (১০ নভেম্বর) সকালে এ বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা জানান, গত ২২ অক্টোবর হঠাৎ করেই গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড ও এক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার আগে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করা হয়নি। সোমবার সকাল ৮টার দিকে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।