সিংগাইরে প্রকাশ্য দিবালোকে পান ব্যবসায়ীর প্রাণ গেলো দুর্বৃত্তের হাতে
সংবাদ জমিন রিপোর্ট:
মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপ বাজারের পান ব্যবসায়ীর প্রাণ কেড়ে নিলো এক দৃর্বৃত্ত।শুধু তাই নয় ঐ দুর্বৃত্ত পান ব্যবসায়ীকে লোকচক্ষুর সামনে প্রকাশ্য দিবালোকে হত্যা করে বীর দর্পে স্থান ত্যাগ করে।কেউ তার বিরুদ্ধে টু-শব্দ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সৃত্রে জানা গেছে,সম্প্র্রতি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের আফা মোল্লার পুত্র ইশা মোল্লা পান কিনতে যায় পাশের জয়মন্টপ বাজারের পান ব্যবসায়ী শ্রীবাস চন্দ্র সাহার দোকানে। পানের টাকা পুরো পরিশোধ না করে ইশা মোল্লা চলে যাবার সময় পানের টাকা পরিশোধের দাবি করে শ্রীবাস। এ সময় ক্ষিপ্ত হয়ে ইশা মোল্লা ঐ পান দোকানদারকে কিল,লাথি মারতে থাকে।কিল,লাথি মারার সময় তার গোপনাঙ্গে একটি লাথি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে লাশটি ময়না তদন্ত ছাড়াই সৎকার করা হয়েছে বলে নিহত শ্রীবাসের পুত্র দীপ্ত সাহা জানান।এ ব্যাপানে ওসি মাজহারুল ইসলাম জানান,এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।