সিগন্যাল দেয়ায় পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে হত্যা চেষ্টা!
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সিগন্যাল দেওয়ায় এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।
জানা গেছে,বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চালকসহ অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাওনা হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল কমল দাসকে এক কিলোমিটার এলাকা ঝুলিয়ে নিয়ে যান আটককৃত অটোরিকশাচালক জনি আহমেদ (২৪)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর ছেলে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ডান পাশে ঝুলে আছেন। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য। কিন্তু চালক থামাচ্ছেন না। মহাসড়ক দিয়ে চলাচল করায় অটোরিকশাকে ওভারটেক করে আসা-যাওয়া করছে যানবাহন। পরে মহাসড়কের জামিরদিয়া এলাকায় চালককে আটক করে মারধর করতে দেখা যায় স্থানীয়দের।