সিলেটের ডিসি সারওয়ার আলমসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে শোকজ
সিলেট প্রতিনিধিঃ
ডিসি সারওয়ার আলমসহ ২ কর্মকর্তারর বিরুদ্ধে শোকজ। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম ও এডিসি (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। গত ১১ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালত তাদের প্রতি এ শোকজ জারি করেন বলে বাদীর আইনজীবী এ এইচ ইরশাদুল হক এ প্রতিবেদককে নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার আদালত এ শোকজ ইস্যু করেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) শোকজ জারি হতে পারে বলে জানান এ আইনজীবী।
এ আইনজীবী আরও জানান, স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক সিলেটের ডিসি ও স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এডিসির (শিক্ষা ও আইসিটি) বিরুদ্ধে ডিসির বিগত ৯ সেপ্টেম্বর তারিখের ‘এখতিয়ারবহির্ভূত ও বেআইনি সাময়িক বরখাস্ত আদেশে’র বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ সদর সিলেট আদালতে মামলা দায়ের করেন। মামলার আর্জিতে বাদী এ বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন। আদালত ১৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন বলে জানান তিনি।