স্টাফ রিপোর্টারঃ
ছিনতাই করতে রাজি না হওয়ায় সিলেটে ছুরিকাঘাতে যুবক ডালিমকে খুন করা হয়েছে। আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ তথ্য জানিয়েছে। সোমবার রাত দেড়টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করে র্যাব।
সে গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে। নিহত ডালিম মিয়া তার পূর্ব পরিচিত। অপরাধীরা চোর-ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সব সময় ডালিমকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য প্ররোচিত করতো। গত ৭ই আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় তারা ফের ডালিম মিয়াকে অপরাধমূলক কাজ করার কথা বললে সে রাজি না হয়ে অপরাধের কথা পুলিশকে জানিয়ে দিবে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করে তাকে হতা করে।