নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২) ও রাকিব উদ্দিন (২৫)।
আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা। নিহত সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সীবাড়ীর মো. সবুজের ছেলে। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।