সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ের জামাই আব্দুল মতিন ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’