খুলনা প্রতিনিধিঃ
সুন্দরবনে ৯ জেলে উদ্ধারসহ ২ ডাকাত অস্ত্রসহ আটক। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছে। তাদের কাছে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড শুক্রবার ভোরে এ অভিযান পরিচালনা করে। আটক ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামের খানজাহান মোড়লের ছেলে রমজান মোড়ল, আল আমিন শেখের ছেলে শামীম শেখ, নুর আলী শেখের ছেলে হান্নান শেখ, হান্নান শেখের ছেলে আজগর শেখ, আইয়ুব আলী শেখের ছেলে আতাউর শেখ এবং মিরাজ গাজীর ছেলে ইউনুস গাজী, দাকোপের কাটাবনিয়ার হান্নান সেনার ছেলে আবু হুরাই, বটিয়াঘাটা উপজেলার বারোভুঁইয়া গ্রামের শাহাদাত শেখের ছেলে, শুক্কুর আলী শেখ ও কয়রা উপজেলার বাঘবা গ্রামের বারিক মল্লিকের ছেলে জাফর মল্লিক।