সেই প্রসূতি মা ও নবজাতককে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি,জামিন নামঞ্জুর
খুলনা প্রতিনিধিঃ
সেই প্রসূতি ও নবজাতককে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি,জামিন নামঞ্জুর। খুলনা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় মা শাহজাদী ও তার ১২ দিন বয়সী কন্যাসন্তানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে গতকাল রবিবার রাতেই তাদের পৃথক কেবিনে রাখা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সোমবার সকালে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মা শাহজাদী ও তার মা নার্গিস বেগমের জামিন আবেদন করা হয়। তবে আদালতের বিচারক মো. আনিসুর রহমান তা নামঞ্জুর করেন।
শাহজাদীর আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, মামলায় মানব পাচারের অভিযোগ থাকায় নিম্ন আদালতের জামিনের এখতিয়ার নেই। তাই জামিন দেওয়া সম্ভব হয়নি। আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে আবার জামিন আবেদন করা হবে।