সেনা অভিযানে পিস্তল-গুলিসহ গ্রেফতার করা হলো বিএনপির ৩ নেতাকর্মীকে
বগুড়া প্রতিনিধি:
সেনা অভিযানে পিস্তল-গুলিসহ গ্রেফতার করা হলো বিএনপির ৩ নেতাকর্মীকে। বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপির কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপির কর্মী পারভেজ মোশারফ (২৫)। তাদের দলীয় সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন নেতারা।