সৌদি আরবে অপহরণ,মুক্তিপণ নেয়া হলো বাংলাদেশে

সংবাদ জমিন রিপোর্টঃ
সৌদি আরবে অপহরণ,মুক্তিপণ নেয়া হলো বাংলাদেশে। সৌদি আরবে অবস্থানকালে একটি চক্রের হাতে অপহরণের শিকার হন এক প্রবাসী। এরপর বাংলাদেশে তার স্ত্রী ও শ্বশুরের কাছে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয় ৫০ লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) দেওয়া হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরপর আবার সৌদি আরবেই ছাড়া পান অপহৃত ব্যক্তি। এমন একটি ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান (৪২)। বুধবার সন্ধ্যায় মাগুরা জেলার শালিথা থানার হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ‘অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত ক‌রে অভিযুক্ত‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।’

মামলায় বা‌দী উল্লেখ করেন, বাদীর মেয়ের জামাই ২০ বছর ধ‌রে সৌদি আরবে বসবাস করেন এবং সেখানে নিজস্ব ব্যবসা রয়েছে। গত ১২ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বাদীর মেয়ের জামাই রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহর থেকে অপহরণ করে। পরে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে অজ্ঞাত ইমু আইডি এবং ভিওআইপির মাধ্যমে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না হলে রাসেলের ক্ষতি করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মুক্তিপণের অর্থ স্থানান্তরের মাধ্যম হিসেবে তারা বাংলাদেশের কিছু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) এবং বিভিন্ন ব্যাংকের হিসাব নম্বর দেয়। পরবর্তীতে বাদী, রাসেলের বড় ভাই সাইফুল ইসলামসহ অন্যরা উপায়ন্তর না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের মুক্তিপণ দিতে রাজি হয়। সাইফুল ইসলাম খিলগাঁও ঝিলপাড় এলাকা থেকে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্টে ধাপে ধাপে সর্বমোট ১০ লাখ ৩৫ হাজার টাকা এবং অপহরণকারীদের দেওয়া ব্যাংক হিসাবে মোট ২৫ লাখ টাকা দেন। সর্বমোট ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ পেয়ে ভুক্তভোগী রাসেলকে সৌদি আরবের রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় রেখে যায় তারা। চলে যাওয়ার সময় অজ

অজ্ঞাতনামা আসামিরা রাসেলের হাতের ছাপ এবং আকামা আইডি নিজেদের হেফাজতে নিয়ে অপহরণের ঘটনা ফাঁস হলে খুন ও জখমের ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে গিয়ে পরিবারকে সমস্ত কিছু জানালে ভুক্তভোগী রাসেলের শ্বশুর বাদী হয়ে খিলগাঁও থানায় জানুয়ারির ২১ তারিখে মামলা দায়ের করেন।

শিরোনাম