স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করায় মেরে ভাঙা হলো স্বামীর হাত
জয়পুরহাট প্রতিনিধিঃ
স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করায় মেরে ভাঙা হলো স্বামীর হাত। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বালুকাপাড়া গ্রামের দিনমজুর আবদুল জলিল প্রামাণিককে সমাজচ্যুত করে রাখার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গেলো মঙ্গলবার রাতে আক্কেলপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী আবদুল জলিল প্রামাণিক।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে আবদুল জলিল প্রামাণিক রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দেন। ঘটনার ২৯ দিন পর তিনি আবারও তাকে বিয়ে করেন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বরেরা ক্ষুব্ধ হয়ে জলিল প্রামাণিকের পরিবারকে সমাজচ্যুত করে রাখেন। গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে গ্রামের মসজিদের দিকে রওনা হন তিনি। এ সময় মাতব্বরেরা তাকে দুই দফায় প্রচণ্ড মারধর করেন। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায়। তিনি চিকিৎসা শেষে আক্কেলপুর থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন।