যশোর প্রতিনিধি:
স্ত্রীকে বেঁধে রেখে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানা (৪০) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
আহতত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত জুয়েল রানা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও পাতিবিলা ইউনিয়ন যুবলীগের সদস্য। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মায়া খাতুন (৩৫) আহত হয়েছেন। জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।