নিজস্ব প্রতিনিধিঃ
স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে দিলো স্বামী।গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে পোশাক শ্রমিক মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে ঘরের বাইরে তালা দিয়ে পালিয়ে গেছেন স্বামী মিজানুর রহমান। হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ঘাতক ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ নিহতের ছোট বোন কুলছুম আক্তার।রবিবার (৩ আগস্ট) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পোশাক শ্রমিক মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের ওষুধ (ফার্মেসি) ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মিজানুর রহমান একই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে মিজান পলাতক রয়েছে। দুই জনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের উভয়ের আগের ঘরে দুটি করে সন্তান রয়েছে।