কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)কে পরকীয়া সন্দেহে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স নামে এক স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী আজাদ বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সকাল ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা পৌর এলাকার দক্ষিণ আলেপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার মেয়ে।
থানা হাজতে আজাদ বলেন, পারিবারিক কলহ ও পরকীয়ায় লিপ্ত থাকায় তার স্ত্রীকে হত্যা করেছেন। এতে তিনি অনুতপ্ত নন। অশান্তির জীবন থেকে মুক্তি পেয়েছেন। আজাদ বক্সের প্রথম স্ত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের স্ত্রীকে হত্যার পর স্বামী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছে।