স্ত্রীর সামনে অপমান করায় বাবা ও মাকে পিটিয়ে হত্যা পাষন্ড পুত্র

আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রীর সামনে অপমান করায় বাবা ও মাকে পিটিয়ে হত্যা পাষন্ড পুত্র। ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। নিজের স্ত্রীর সামনে বাবা-মায়ের তিরস্কার ও অপমান সইতে না পেরে তাদের শিল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে শিরপুরের মহাবীর সোসাইটিতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা হলেন ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো। ওই দিনই তারা মেয়ের বিয়ে খেয়ে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে আসার পর কোনও একটি বিষয়ে তারা ছেলে চন্দন ইন্দরম মাহাতোকে বকাঝকা করেন। অভিযোগ উঠেছে, ছেলের বউয়ের সামনেই তারা চন্দনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

স্ত্রীর সামনে এমন অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন চন্দন। রাগের মাথায় ঘর থেকে একটি শিল (মশলা পিষার যন্ত্র) নিয়ে বাবা ও মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন তিনি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দম্পতি।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত চন্দন পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে চন্দনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

শিরোনাম