স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতাকে ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা

ময়মনসিংহ প্রতিনিধি:
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতাকে ন্যাড়া করে দিলেন কৃষক দল নেতা। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে ভোট করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এরপর বিষয়টি জানাজানি হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আবদুল মান্নান তালুকদার নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। এতে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সিকে প্রধান আসামি করা হয়েছে। পৌর কৃষক দলের সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের হয়ে কাজ করেছেন।

লাঞ্ছনার শিকার উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার বলেন, ‘বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজি অটোরিকশাযোগে ময়মনসিংহ যাওয়ার পথে পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সি আমাকে দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় এবং সামনে পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য অটোরিকশাকে ব্যারিকেড দিলে শাহী মুন্সি এসে টেনেহিঁচড়ে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে নেন। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে একটি চেয়ারে বসিয়ে শাহী মুন্সি ও তার সহযোগীরা আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে পথচারীদের ডেকে এনে আমাকে ন্যাড়া করে দেওয়ার বিষয়টি দেখানো হয় এবং লাঞ্ছিত করা হয়।’

শিরোনাম