সংবাদ জমিন রিপোর্ট:
স্বামীসহ চিত্রনায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের। প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী মামূনুর রশীদ রাহূল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৯ জানুয়ারি রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে এদিন তারা আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।