গাজীপুর প্রতিনিধি:
স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী!। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হঠাৎ করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি চার জন চিকিৎসক অনুপস্থিত, কর্মকর্তাদের অনুপস্থিতি, ছুটির অনুমোদনে অসঙ্গতি এবং হাসপাতালের সেবা ব্যবস্থার বিভিন্ন ঘাটতি দেখতে পান। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে হঠাৎ করেই হাসপাতালে প্রবেশ করেন মন্ত্রী। তিনি গাড়ি থেকে নেমে সরাসরি হাসপাতালে ঢুকে পড়েন।
হাসপাতালে প্রবেশ করেই তিনি কর্তব্যরতদের কাছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কোথায় জানতে চান। পরে ওই কক্ষে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে অনুপস্থিত দেখতে পান। এ বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের কাছে জানতে চাইলে কেউ স্পষ্ট তথ্য দিতে পারেননি। পরে ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ পরিচয়ে মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন ওই কর্মকর্তা ছুটিতে রয়েছেন। মন্ত্রী ছুটির আবেদনপত্র দেখতে চাইলে স্ক্যান করা একটি কপি দেখানো হয়। সেই ছুটির আবেদনপত্রে গাজীপুর সিভিল সার্জনের অনুমোদন ছিল না। পরে মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা নিয়ে কনফারেন্স রুমে বসেন এবং উপস্থিতি যাচাই করেন। সেখানে চার জন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া যায়, যাদের কারও ছুটির আবেদনও পাওয়া যায়নি। মন্ত্রীর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে কয়েকজন চিকিৎসক সাড়ে ১০টার দিকে হাসপাতালে উপস্থিত হন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরেন। পরে তাদের কয়েকজন মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
একপর্যায়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানা রশিদও হাসপাতালে উপস্থিত হলে মন্ত্রী তার কাছে অনুপস্থিতির কারণ জানতে চান। তিনি অসুস্থ এবং ছুটিতে রয়েছেন বলে জানান। মন্ত্রী ছুটির অনুমোদিত আবেদনপত্র দেখতে চাইলে তিনি আবেদনের একটি কপি দেখালেও সেটাতে সিভিল সার্জনের অনুমোদন ছিল না। তিনি অসুস্থতার কথা বললেও ছুটির আবেদনে পারিবারিক সমস্যার কারণ উল্লেখ ছিল। পরে তিনি মন্ত্রীর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করেন।