সংরাদ জমিন ডেস্কঃ
বরিশাল সদর উপজেলা কাশীপুরের বিল্ববাড়ি এলাকায় ভগ্নীপতির দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতার হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।এ ছাড়া নিহতের বোন, ছোট ভাই ও বৃদ্ধা মাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ভগ্নীপতি ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
নিহত লিটু মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। লিটু ওই এলাকার নজির আহমদের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন মুন্নি, সুমন এবং নিহত লিটু আপন ভাইবোন।
হাসপাতালে চিকিৎসাধীন মুন্নি বলেন, এক বছর আগে তার সঙ্গে বিল্ববাড়ি এলাকার বাসিন্দা হামলাকারী জাকির হোসেন গাজীর পারিবারিকভাবে বিয়ে হয়। তার বাড়ি থেকে জাকিরের বাড়ি এক মিনিটের পথ। দুই মাস আগে জাকির গোপনে ঢাকায় দ্বিতীয় বিয়ে করে। ঢাকা থেকে আসার পর ব্যাগ থেকে কাপড় বের করার পর কাবিননামা বের হয়ে আসে। কাবিননামা হাতে পাওয়ার পর এ নিয়ে জাকিরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।আর এ বাক-বিতন্ডার পরেই এ ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।