সংবাদ জমিন ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ডসহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসার পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। শেষ করেন সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে। এসময় প্রধানমন্ত্রীর পরনে ছিল কালো শাড়ি। ৮ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে অত্যন্ত বেদনা-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।